নোবিপ্রবিতে র‍্যাগিং প্রতিরোধে হটলাইন চালু

৮ জানুয়ারি, ২০২০ ২১:২৫  
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৯-২০ সেশনের নতুন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে র‍্যাগিং এর প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অনভিপ্রেত ঘটনা এড়াতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাগিং এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন বর্ষের শিক্ষার্থীদের আগমন উপলক্ষে ক্যাম্পাসে র‍্যাগিং এর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা নোবিপ্রবির আইন পরিপন্থী। এই পরিস্থিতিতে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে সামান্য র‍্যাগিং এর প্রমাণ পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। এতে শিক্ষার্থীদের র‍্যাগিং থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করে আরও জানানো হয়, কোনো অভিযোগ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে র‍্যাগিং এর শিকার ভুক্তভোগী সকল শিক্ষার্থীকে ০১৭০৮-৪১৩৫৯২ এই নম্বরে কল দিয়ে অভিযোগ জানানোর কথা বলা হয়।